আওয়ামী লীগের ধ্বংসাত্মক কার্যকলাপ নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেস সচিব

0
40

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১৩ নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগে একধরনের ডিসট্রাক্টিভ ও বায়োলেন্ট এক্টিভিটিজ করার চেষ্টা চলছে। সারাদেশে পুলিশ এলার্টে রয়েছে এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এ পর্যন্ত তারা ৭টি বাসে আগুন দিয়েছে; ডেমরায় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। বাস আগুন দেওয়ার ঘটনায় ময়মনসিংহে একজন ঘুমন্ত বাস চালক নিহত হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে, এটি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাজ হতে পারে।

শফিকুল আলম বলেন, আমি চৌদ্দগ্রামে এসে দেখছি এখানে নির্বাচন জোয়ার বইছে, একজন হেভিওয়েট প্রার্থীও আছেন। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে সময়মতো হবে এবং তা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও ইনক্লুসিভ হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে তত্ত্বাবধায়ক সরকারের আমলের নির্বাচনগুলো সবচেয়ে সফল ছিল এবং তা সবাই মিলে উৎসবমুখর পরিবেশে পালন করা হয়।

বিস্তারিতভাবে তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগ ও স্কুলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।