অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, খুন করার চেয়েও খারাপ অপরাধ গুম। যারা গুমের শিকার হয়েছেন তাদের সম্পত্তি বণ্টনে উত্তরাধিকার বিষয়ে আইন হবে।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান ফেডারেশন এগেইনেস্ট ইনভোলেন্টারি ডিসএপিরেন্স-এএফএডি’র দুই দিনব্যাপি অষ্টম কংগ্রেসের উদ্বোধনে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। এসময় একই সঙ্গে সরকার গুমের শিকার পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের পরিকল্পনা করছে বলেও জানান আইন উপদেষ্টা।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার গুম হওয়া মানুষের পরিবারের সাথে রয়েছে। অনুষ্ঠানে গুম প্রতিরোধে কঠোর আইন করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

