মানিকগঞ্জ সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১৫৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সেনের হুদা গ্রামের মো. শাহেদ আহমেদ ওরফে শুভ এবং একই গ্রামের মো. আবু তালেব ওরফে পিয়াস।
র্যাব জানায়, গ্রেপ্তার শুভ ও পিয়াস দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা থেকে ফেন্সিডিল এনে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে, তারা ফেন্সিডিলের একটি বড় চালান মানিকগঞ্জে নিয়ে আসবে। এর পরপরই বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের চৌকস দল অভিযান চালায় এবং ১৫৬ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
লে. কমান্ডার আরিফ হোসেন জানান, ‘এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা করা হয়েছে। আসামীদেরকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

