আওয়ামী লীগকে আফ্রিকান মাগুর মাছের সঙ্গে তুলনা করে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৬ নভেম্বর) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ বিদেশ থেকে দেশে আনা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার মধ্যে ১৭ লাখ কোটিই পাচার করেছে। এটি তারা মাগুর মাছের মতো গিলে খেয়েছে।
রিজভী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে রক্তপিপাসু বলে উল্লেখ করেন। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে হাজার হাজার মানুষ খুন করেছেন। বিরোধী মতকে দমন করতে খুন, গুম এবং নির্যাতন চালিয়েছেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। মানুষ শান্তি ও স্বস্তি চায়। জনগণ আর চায় না ছাত্রলীগ কোনো ব্যবসাপ্রতিষ্ঠান দখল করুক বা জমি নিয়ে দুর্নীতি চালিয়ে যাক।
রিজভী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেটকে দায়ী করে সরকারকে সিন্ডিকেট বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সয়াবিন তেল, চাল, ডাল, চিনি—সব কিছুর দাম কমানো সম্ভব, যদি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

