তারকাদের বিচ্ছেদের খবরে যখন শোবিজে উত্তাপ, ঠিক তখন অভিনেত্রী মৌসুমী হামিদ জানালেন, সংসার তার কাছে একেবারেই সহজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সংসার কঠিন কিছু না। ভালোবাসা আর বোঝাপড়া থাকলে এটি পানির মতো সহজ।”
মৌসুমী জানান, তার সংসার জীবন খুব ভালো কাটছে। তিনি বলেন, “আমরা অনেক সময় ভাবি, সংসার খুব জটিল। কিন্তু আসলে ভালোবাসার মানুষের সঙ্গে বোঝাপড়া থাকলে এটি খুবই সহজ।”
তারকাদের বিচ্ছেদ নিয়ে আলোচনা প্রসঙ্গে মৌসুমী বলেন, “আমরা প্রতিটি মানুষ আলাদা। কারও ব্যক্তিগত জীবনে সমস্যা হলে সেটিকে সবার সঙ্গে মেলানো উচিত নয়। শিল্পীদের ডিভোর্স বেশি হয় না, বরং বাইরের মানুষের ডিভোর্স এখন বেশি। পার্থক্য হলো, আমাদের বিষয়গুলো প্রকাশ্যে আসে, তাদেরটা আসে না।”
গত বছর বিয়ে করেছেন মৌসুমী হামিদ। সংসারে নতুন অতিথি আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে বলেন, “এটা উপরওয়ালা জানেন।”
অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন মৌসুমী হামিদ। তার অভিনীত “নয়া মানুষ” সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। সিনেমাটি চরের সংগ্রামী জীবন নিয়ে নির্মিত। পাশাপাশি তিনি নাটক এবং ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন।

