সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।
সোমবার (১৮ নভেম্বর) রাতে এ অধ্যাদেশ জারি করা হয়।
অধ্যাদেশে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা প্রয়োজনীয়। বর্তমান পরিস্থিতিতে সংসদ ভেঙে থাকা অবস্থায় রাষ্ট্রপতির কাছে বিষয়টি জরুরি বলে প্রতীয়মান হয়েছে।
বাংলাদেশ সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি “সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪” প্রণয়ন ও জারি করেছেন।
এই অধ্যাদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সব সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে নতুন বয়সসীমা ৩২ বছর প্রযোজ্য হবে।

