পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করেছে লাহোর হাইকোর্ট।
ইমরান খানের বোন নুরীন নিয়াজি সম্প্রতি একাধিক মামলায় তার জামিন চেয়ে আদালতে আবেদন করেন। আদালত এ বিষয়ে পাঞ্জাব ও ফেডারেল স্বরাষ্ট্র বিভাগের দাখিল করা রিপোর্ট পর্যালোচনা করে।
পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগের রিপোর্টে বলা হয়, প্রদেশটিতে ইমরান খানের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। তবে, ইসলামাবাদ পুলিশের রিপোর্ট অনুযায়ী, সেখানে তার বিরুদ্ধে ৬২টি মামলা নথিভুক্ত রয়েছে। অন্যদিকে পাঞ্জাব সরকারের পক্ষের আইনজীবী আদালতকে জানান, পাঞ্জাবের সীমানার মধ্যেই ইমরান খানের বিরুদ্ধে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।
বিচারপতি ফারুক হায়দার মামলার শুনানির সময় বলেন, “জামিনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে অভিযুক্তকে আদালতে হাজির হতে হবে। আইনগত দিক থেকে আবেদনটি যথাযথ নয়।”
সব রিপোর্ট ও যুক্তি পর্যালোচনার পর আদালত ইমরান খানের জামিন আবেদনটি খারিজ করে দেয়।

