মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. স্বপন মিয়া (৩৫) নামের এক কৃষক খুন হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার ঘিওর সদর ইউনিয়নের গোলাপনগর এলাকায় প্রতিবেশী বিল্লাল মোল্লা গংদের হামলায় আহত হয়ে মারা যান তিনি।
নিহত স্বপন মিয়া গোলাপনগর এলাকার মৃত গাজী মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল স্বপন মিয়া ও তার প্রতিবেশী বিল্লাল মোল্লা এবং রফিক মোল্লার মধ্যে। বিরোধের মীমাংসার অংশ হিসেবে মঙ্গলবার স্বপনের জমি ভরাট করার কথা ছিল বিল্লাল ও রফিকের। তবে মাটির পরিবর্তে ময়লা আবর্জনা ফেলা শুরু করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিল্লাল ও রফিকের নেতৃত্বে স্বপনের ওপর হামলা চালানো হয়। এ সময় স্বপনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এবং পরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বপনের ছোট ভাই ইমরান মিয়া অভিযোগ করে বলেন, বিল্লাল ও রফিক পূর্ব শত্রুতার জেরে আমার ভাইকে একা পেয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা এ হত্যার সুষ্ঠু বিচার চাই।
মানিকগঞ্জ মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, স্বপনের মাথায় গুরুতর আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে মর্গে রয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, স্বপন মিয়ার মৃত্যুর ঘটনায় আমরা খবর পেয়েছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

