মানিকগঞ্জে প্রাণীজ খাদ্য উৎপাদন খাতের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সরকারি সমন্বিত অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
সভায় প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উন্নয়ন এবং সম্ভাবনা নিয়ে অংশগ্রহণকারীরা আলোচনা করেন। তারা সরকারি উদ্যোগের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, সভায় অংশগ্রহণকারীরা রমজান মাসে খাদ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার নজরদারি বাড়ানোর আহ্বানও জানান।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত প্রচেষ্টা খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা উত্থাপিত সুপারিশ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেব।
তিনি আরও জানান, রমজান মাসে ডিম, দুধ, মাছ এবং মাংসের দাম সহনীয় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অংশীজনদের মতামত নেওয়াই ছিল এই সভার মূল লক্ষ্য। এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ ও মৎস্য খাতকে আরও শক্তিশালী করার পাশাপাশি ভোক্তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, জেলা তথ্য কর্মকর্তা নূর হোসেন, জেলা কৃষি কৃষি বিপণন কর্মকর্তা মো. মোরশেদ আল মাহমুদ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর-ই-আলম সোহাগসহ শতাধিক অংশীজন।

