নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা একটি মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি হিরু আলম পলাতক ছিলেন।
হিরু আলম সিদ্ধিরগঞ্জের গোদনাইল মণ্ডলপাড়া এলাকার আব্দুর রশি মন্ডলের ছেলে।
২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১০ হিরু আলমকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৪,০৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম জানান, মামলার তদন্ত ও সাতজন সাক্ষীর প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন।

