ট্রাম্প প্রশাসনের নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন পাম বন্ডি

0
209

বিতর্কের মুখে কংগ্রেসম্যান ম্যাট গেটজ মনোনয়ন প্রত্যাহার করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে মনোনীত করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাম বন্ডি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্যের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা ছিলেন। এছাড়া, ট্রাম্পের প্রথম প্রশাসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। বৃহস্পতিবার ট্রাম্প আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নের ঘোষণা দেন।

গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প ম্যাট গেটজকে বিচার বিভাগের নেতৃত্বের জন্য মনোনীত করেছিলেন। তবে যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন বিতর্কের মুখে গতকাল বৃহস্পতিবার গেটজ তাঁর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে গেটজ বলেন, “ওয়াশিংটনে বিতর্ক করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগকে প্রথম দিন থেকেই কার্যকর হতে হবে। তাই আমি অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন থেকে সরে দাঁড়াচ্ছি।”

ম্যাট গেটজের বিরুদ্ধে ১৭ বছরের কম বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে। নৈতিকতা বিষয়ক কমিটির তদন্তের মুখে গত সপ্তাহে তিনি প্রতিনিধি পরিষদ থেকে পদত্যাগ করেন। যদিও গেটজ এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পাম বন্ডির মনোনয়নকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বন্ডির নেতৃত্বে বিচার বিভাগ আরও কার্যকরভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here