দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরোনো ভিডিওতে তার চেহারার পরিবর্তন ভক্তদের অবাক করেছে। ১৪ বছর আগে একটি ট্যালকম পাউডারের বিজ্ঞাপনের ভিডিওতে দেখা যায়, গোলাপি ও হলুদ স্যুট পরে সামান্থা হাসিমুখে ক্যামেরার সামনে নাচছেন। তবে বর্তমান সামান্থার সঙ্গে সেই সময়ের সামান্থাকে মিলানো কঠিন বলে মনে করছেন অনেকে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু ভক্ত দাবি করেছেন, সামান্থা হয়তো প্লাস্টিক সার্জারি বা বোটক্স করিয়েছেন। কেউ কেউ তার পরিবর্তিত চেহারাকে রাশমিকা মান্দানার সঙ্গে তুলনা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “পুরো মুখ প্রতিস্থাপন করা হয়েছে!”
তবে সামান্থার সৌন্দর্যের প্রশংসাও করেছেন অনেক ভক্ত। একজন লিখেছেন, “তিনি তখনো সুন্দর ছিলেন, এখনো সুন্দর।” অন্য একজন মন্তব্য করেছেন, “তার চেহারা বদলালেও ব্যক্তিত্ব অপরিবর্তিত।”
২০২২ সালে সামান্থা মায়োসাইটিস নামে একটি বিরল রোগে আক্রান্ত হন। সেই সময় তিনি তার ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-এর শুটিং করছিলেন। শুটিং সেটে অসুস্থ হয়ে পড়ার অভিজ্ঞতার কথা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন তিনি।
বর্তমানে সামান্থা তার অ্যাকশনধর্মী ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানি’ নিয়ে ব্যস্ত। এই সিরিজে তার অভিনয় দক্ষতা এবং শারীরিক প্রস্তুতি ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।
সামান্থার এই পরিবর্তন ও সংগ্রাম তার ভক্তদের জন্য নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি প্রমাণ করে, সামান্থা শুধু অভিনয়ে নয়, নিজের জীবনের লড়াইয়েও একজন সত্যিকারের যোদ্ধা।

