মাগুরার শ্রীপুর উপজেলায় দুই বছর আগে হামলার অভিযোগে দায়ের করা এক মামলায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালি জোয়ার্দারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।
পুলিশ জানায়, সারঙ্গদিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আবু সাঈদ শুক্রবার ভোরে এ মামলাটি দায়ের করেন। মামলায় স্বর্ণালি জোয়ার্দারসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, ২০২২ সালের ১২ মে সকালে সারঙ্গদিয়া গ্রামে ডেইরি ফার্মের সামনে স্বর্ণালি জোয়ার্দার ও তার সহযোগীরা তার ওপর হামলা চালান। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে স্বর্ণালি জোয়ার্দার তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং আওয়ামী লীগে যোগ দিতে চাপ দেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হয়।
বাদী আরও দাবি করেন, আসামিরা ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় সে সময় মামলা করতে সাহস পাননি।
ওসি ইদ্রিস আলী জানান, হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার স্বর্ণালি জোয়ার্দারকে শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

