অমিতাভ বচ্চনের নাতি এবং বলিউডের উদীয়মান অভিনেতা অগস্ত্য নন্দা ২৪ বছরে পা দিলেন। জন্মদিনে ঘনিষ্ঠজনদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাঁর সোশ্যাল মিডিয়া। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে শাহরুখ খানের কন্যা সুহানা খানের একটি পোস্ট।
ইনস্টাগ্রাম স্টোরিতে অগস্ত্যের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সুহানা, যেখানে দেখা যাচ্ছে তিনি মজার ছলে কান ধরেছেন অগস্ত্যের। খুনসুটির মাঝে ধরা পড়েছে এক অনন্য রসায়ন, যা তাঁদের সম্পর্কের গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে। বলিপাড়ায় বহুদিন ধরেই শোনা যাচ্ছে অগস্ত্য এবং সুহানা প্রেমের সম্পর্কে রয়েছেন, তবে এ বিষয়ে এখনও কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।
জ়োয়া আখতারের ‘দ্য আর্চিজ়’ ছবির শুটিং থেকে তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয়। এরপর থেকে বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি দীপাবলির এক পার্টিতেও নজর কেড়েছিলেন তাঁরা। এমনকি, গত বছর একসঙ্গে ছুটি কাটানোর কথাও শোনা যায়।
অগস্ত্যের জন্মদিন উপলক্ষে সুহানার এই বিশেষ পোস্ট যেন গুঞ্জনকে আরও জোরালো করেছে। যদিও তাঁদের সম্পর্কের বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি, তবুও বলিউড মহলে তাঁদের নিয়ে আগ্রহ কম নয়।
অগস্ত্যের বোন নব্যা নভেলি নন্দাও ইনস্টাগ্রামে শৈশবের মুহূর্ত ধরে একটি ছবি শেয়ার করেছেন। বোনের শেয়ার করা ছবিগুলোতেও দেখা যায় পরিবারের আবেগঘন পরিবেশ।
অগস্ত্যের অভিনয় ক্যারিয়ার যেমন চর্চার বিষয়, তেমনই সুহানার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কৌতূহলের শেষ নেই। প্রেমের গুঞ্জন সত্যি না শুধুই মজার মুহূর্ত, তা হয়তো সময়ই বলবে।

