মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মিনি তেলের পাম্প, মোটরসাইকেল এবং একটি মুরগির খামার সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আতাউর রহমান নামে একব্যক্তি আহত হয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিনি তেলের পাম্পে একটি মোটরসাইকেলে জ্বালানি তেল দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন তেলের পাম্প থেকে পাশের মুরগির খামারে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় খামারের প্রায় চার হাজার ব্রয়লার মুরগির বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

