যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় চীন তার বৈশ্বিক কৌশল আরও শক্তিশালী করছে। এর অংশ হিসেবে উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কোতে ব্যাপক বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে বেইজিং।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার সংক্ষিপ্ত সফরে মরক্কো পৌঁছান। কাসাব্লাঙ্কা বিমানবন্দরে তাকে স্বাগত জানান মরক্কোর যুবরাজ মৌলে এল হাসান এবং প্রধানমন্ত্রী আজিজ আখানৌচ। সফরের সময় যুবরাজের সঙ্গে জিনপিংয়ের আন্তরিক আলাপচারিতা হয়, যা দুই দেশের সম্পর্কের উষ্ণতা প্রকাশ করে।
চীন ইতোমধ্যেই মরক্কোর অবকাঠামো ও রেল খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। এবার দেশটিকে ইউরোপের বাজারে প্রবেশের কেন্দ্র হিসেবে ব্যবহার করতে চায় বেইজিং।
ইউরোপের নিকটবর্তী অবস্থানের কারণে মরক্কো চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। চীন সেখানে ইলেকট্রনিক গাড়ির ব্যাটারি কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। এটি কেবল মরক্কোর অর্থনীতিকে এগিয়ে নেবে না, চীনের বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণেও ভূমিকা রাখবে।
চীনের এমন পদক্ষেপ মরক্কোর সঙ্গে তার সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে।

