গত তিন মাসে জ্বালানি খাতে সরকারি ক্রয়ে ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান তিনি।
শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে আয়োজিত এ সভায় তিনি নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে জানান, নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। চলতি সপ্তাহেই ৪০টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে।
পাবলিক সেক্টরের সমস্যা উল্লেখ করে তিনি বলেন, পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব রয়েছে। টিকে থাকতে হলে ঘুষ বাণিজ্য থেকে বের হতে হবে। সরকারি ক্রয় ব্যবস্থাকে প্রতিযোগিতার আওতায় আনতে হবে। সরকারের সঙ্গে সখ্য করে ব্যবসা চলবে না। ভালো ব্যবসায়ীদের জন্যই উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে।
আলোচনা সভায় ব্যবসায়ী ও শিল্প বিশেষজ্ঞরা শিল্প খাতে জ্বালানি সংকটের সমাধানে কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

