স্বামীকে ‘নিহত’ দেখিয়ে হত্যা মামলা করা সেই নারী আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বামীকে ‘নিহত’ দেখিয়ে এক নারী আশুলিয়া থানায় শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।

0
197

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাভারের আশুলিয়ায় স্বামীকে ‘নিহত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া আটক হয়েছেন তার আরও দুই সহযোগী।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের আলেকজাহান এসএম পাড়ার মোস্তাক আহমেদের বাড়ি থেকে ওই নারী ও তার এক সহযোগীকে আটক করা হয় বলে জানান আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক।

আটক কুলসুম বেগম (২১) মানিকগঞ্জের ঘিওর থানার স্বল্পসিংজুরী বাংগালা গ্রামের আব্দুল খালেকের মেয়ে। আটক অন্যরা হলেন- ঘিওর থানার ফুলহারা গ্রামের মেছের আলীর ছেলে রুহুল আমিন গুলজার এবং তার সহযোগী শিবালয় থানার টেপড়া গ্রামের মাসুম আলীর ছেলে শফিকুল ইসলাম।

শুক্রবার ওসি আবু বকর সিদ্দিক বলেন, প্রথমে মামলার ‘মূলহোতা’ রুহুল আমিনকে ঢাকা থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে অভিযান চালিয়ে কুলসুম ও শফিকুলকে আটক করা হয়। রাতেই মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই রকিবুল ইসলাম তাদের আশুলিয়া থানায় নিয়ে আসেন।

এসআই রকিবুল ইসলাম বলেন, শুক্রবার মামলার বাদী কুলসুম বেগমকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে হাজির করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ ছাড়া সাজানো মামলার ‘মূলহোতা’ রুহুল আমিন গুলজার ও তার সহযোগী শফিকুল ইসলাম থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সরকার পতনের পর ২৪ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করা হয়। পরে আদালতের নির্দেশে ৮ নভেম্বর আশুলিয়া থানায় মামলাটি (নং-২১) নথিভুক্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here