আলিয়ার ‘অজ্ঞতা’ নিয়ে মজায় মেতেছেন রণবীর

আলিয়ার প্রশ্ন ছিল, "কিশোর কুমার কে?" রণবীর এই ঘটনার স্মৃতি রোমন্থন করে বলেন, “আমাদের শিল্প ও সংস্কৃতির ইতিহাস সংরক্ষণ করা প্রতিটি প্রজন্মের দায়িত্ব।

0
261

রণবীর কাপুর ও আলিয়া ভাট বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। প্রেম থেকে বিয়ে—দীর্ঘ সম্পর্কের এই যাত্রায় একে অপরের সঙ্গে মানিয়ে নেওয়ার গল্পও তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সম্প্রতি এক অনুষ্ঠানে রণবীর মজা করে প্রকাশ করেছেন আলিয়ার একটি মজার অজানা তথ্য, যা নিয়ে এখন বলিউডে চর্চা তুঙ্গে।

রণবীর জানান, তাদের প্রথম সাক্ষাতের সময় আলিয়া তাকে একটি প্রশ্ন করেছিলেন, যা শুনে তিনি কিছুটা অবাক হয়েছিলেন। আলিয়ার প্রশ্ন ছিল, “কিশোর কুমার কে?” রণবীর এই ঘটনার স্মৃতি রোমন্থন করে বলেন, “আমাদের শিল্প ও সংস্কৃতির ইতিহাস সংরক্ষণ করা প্রতিটি প্রজন্মের দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই তাদের উৎস ভুলে যাচ্ছেন। সেই সময়ই আলিয়ার মতো একজন প্রতিভাবান তরুণীর কাছ থেকে এমন প্রশ্ন শুনে অবাক হয়েছিলাম।”

রণবীর কাপুর এই মজার স্মৃতি শেয়ার করেন তার পরিবারে রাজ কাপুরের স্মৃতিকে সম্মান জানাতে আয়োজিত একটি চলচ্চিত্র উৎসবের ঘোষণার সময়। ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব, যেখানে রাজ কাপুরের ১০টি উল্লেখযোগ্য ছবি প্রদর্শিত হবে। রণবীর বলেন, “এই উৎসব আমাদের শিল্প-সংস্কৃতির শিকড়ে ফেরার একটি প্রচেষ্টা। আশা করছি, সবাই এটি উপভোগ করবেন।”

এই অনুষ্ঠানে রণবীর আরও জানান, তিনি রাজ কাপুরের জীবন নিয়ে একটি বায়োপিক তৈরির পরিকল্পনা করছেন এবং এই প্রকল্পের জন্য সঞ্জয় লীলা ভন্সালীর সঙ্গে কথাবার্তাও হয়েছে। এছাড়া, রাজ কাপুরের আইকনিক ছবি ‘শ্রী ৪২০’ পুনর্নির্মাণ করার ইচ্ছাও প্রকাশ করেছেন রণবীর।

রণবীরের এই মন্তব্যে বলিউডে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই মজার ছলে আলিয়ার ‘অজ্ঞতা’ নিয়ে হাসিঠাট্টা করছেন, আবার কেউ কেউ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলছেন, বর্তমান প্রজন্মের জন্য শিল্প-সংস্কৃতির পরিচিতি বাড়ানোর উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here