১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনে উঠে যুবকের বিস্ময়কর কাণ্ড

মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের প্রতি পরিবারের নজরদারি ও সচেতনতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

0
171

ঢাকার ধামরাইয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক ৫০ ফিট উঁচু বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারে উঠে বসেন। সেখানে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন থাকলেও সৌভাগ্যক্রমে কোনো দুর্ঘটনা ঘটেনি।

রোববার (২৪ নভেম্বর) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এ বিষয়ে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যুবকটিকে নিরাপদে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান,”সকালে এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, ধামরাইয়ের পাঁচপীরের মাজার এলাকায় মো. মমিন মিয়া নামের একজন মানসিক ভারসাম্যহীন যুবক বৈদ্যুতিক ট্রান্সফরমারের ওপর বসে আছেন। ঘটনাটি অত্যন্ত বিপজ্জনক ছিল, কারণ সেখানে ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন রয়েছে।”

খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চেষ্টায় যুবকটিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয় এবং পরবর্তীতে তার আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। স্থানীয়রা জানান, এ ধরনের পরিস্থিতি জীবনহানির ঝুঁকি বাড়ায়। তারা ফায়ার সার্ভিস ও ৯৯৯-এর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।

এ ধরনের ঘটনা এড়াতে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের প্রতি পরিবারের নজরদারি ও সচেতনতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা জানান, ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here