ইমরান খানের চূড়ান্ত ডাক: গণঅভ্যুত্থানের মুখে পাকিস্তান?

0
217

পাকিস্তানের রাজনীতি ফের টালমাটাল। জেলে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক আহ্বানে উত্তাল হয়ে উঠেছে দেশ। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকরা দেশজুড়ে রাস্তায় নেমেছে এবং রাজধানী ইসলামাবাদ অভিমুখে মিছিল শুরু করেছে।

রোববার (২৪ নভেম্বর) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তান সরকার ইতোমধ্যেই মোবাইল এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। আদালত ইমরান খানের এই ‘চূড়ান্ত ডাক’কে অবৈধ ঘোষণা করলেও পিটিআই সমর্থকরা তা উপেক্ষা করে ইসলামাবাদের দিকে এগোচ্ছেন।

গত ১৩ নভেম্বর ইমরান খান তার সমর্থকদের ‘চূড়ান্ত ডাক’ দেন। তিনি অভিযোগ তোলেন, সরকার জনগণের ম্যান্ডেট চুরি করেছে এবং অবৈধভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। ২০২৩ সালের আগস্টে তার গ্রেপ্তারের পর থেকে পিটিআই দেশব্যাপী বিক্ষোভ করে আসছে। ইমরান খানের ডাকে সাড়া দিয়ে পিটিআই সমর্থকরা ইসলামাবাদে সমবেত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে সরকার সহিংসতা ঠেকাতে ১৪৪ ধারা জারি করেছে এবং ব্যাপক পুলিশ মোতায়েন করেছে। রাজধানীসহ গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা ব্লক করে রাখা হয়েছে। বিশেষত পাঞ্জাবে তিন দিনের ১৪৪ ধারা এবং ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে।

পিটিআই সমর্থকরা প্রতিজ্ঞা করেছেন, তারা যে কোনো মূল্যে এ সমাবেশ সফল করবেন। এ প্রসঙ্গে ইমরানের স্ত্রী বুশরা বিবি এক ভিডিও বার্তায় দলীয় কর্মীদের অনড় থাকার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য পিটিআই সমর্থকদের মধ্যে আরও উত্তেজনা ছড়িয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন, যদি এই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়, তবে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও গভীর হবে। পিটিআইয়ের শীর্ষ নেতারা গ্রেপ্তার হওয়ায় নেতৃত্বের অভাব থাকলেও কর্মীদের উদ্দীপনা কমেনি।

বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই আশঙ্কা করছেন, পাকিস্তান গণঅভ্যুত্থানের মুখোমুখি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইমরান খানের চূড়ান্ত ডাকে পাকিস্তানের রাজনীতি আরেক দফা অস্থিরতার মুখে পড়তে যাচ্ছে।

২৪ নভেম্বরের বিক্ষোভ শুধু পিটিআই নয়, বরং গোটা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয়, দেশটি সংঘাতময় পথে এগোয় নাকি কোনো সমঝোতার ভিত্তিতে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here