হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’: ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

0
223

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ার জেরে ছাত্রদল কর্মীদের ওপর বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের তিন কর্মী আহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার জুলুহার বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত ছাত্রদল কর্মীরা হলেন মো. হাসান, সিয়াম ও রিয়ান। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা হলেন জুলুহার গ্রামের মো. রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু।

আহত সিয়াম অভিযোগ করে বলেন, “রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করে। সেই ছবিতে আমরা হা হা রিঅ্যাক্ট দিই। এর জেরে রিয়াদ, সিয়াম, ফারজুসহ ছাত্রলীগের ১০-১২ জন লোহার রড দিয়ে আমাদের ওপর হামলা চালায়।”

অপর আহত ছাত্রদল কর্মী হাসান জানান, “রিয়াদ তার লোকজন নিয়ে আমাদের পেটাতে থাকে। রিয়াদের চাচা সোহাগ আমাদের ধরে রাখে, আর রিয়াদ মারধর চালায়।”

সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, “ক্ষমতায় না থেকেও আমাদের ছাত্রদল কর্মীদের ওপর এমন হামলা চালানো হচ্ছে। ক্ষমতায় থাকাকালীন রিয়াদ ও তার বাহিনী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

অন্যদিকে সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান,”ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে মারামারি হয়েছে বলে শুনেছি। ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি।”

অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত করে আইনের আওতায় সবার শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে এখনো পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

বিশ্লেষকরা মনে করছেন, এমন সহিংসতা রাজনৈতিক বিভাজন ও সংঘাতকে আরও বাড়িয়ে তুলতে পারে, যা শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য হুমকি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here