দক্ষিণী তারকা নাগা চৈতন্য শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন। ৪ ডিসেম্বর হায়দরাবাদের আক্কিনেনি পরিবারের অন্নপূর্ণা স্টুডিওতে বসবে তাদের বিয়ের আসর। সাম্প্রতিক এই খবর নিয়ে যখন তার ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে, তখন প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভুর একটি মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি সামান্থা তার নতুন ওয়েব সিরিজ ‘সিটাডেল হানি বানি’-এর প্রচারণার সময় এক চ্যাট শোতে প্রাক্তন স্বামী নিয়ে মন্তব্য করেন। বরুণ ধাওয়ানের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, “প্রাক্তনকে দামি উপহার কিনে দেওয়া ছিল অপ্রয়োজনীয় খরচ।” নাগা চৈতন্যের বিয়ের আগমুহূর্তে তার এমন মন্তব্যে নেটিজেনদের একাংশ মনে করছেন, সামান্থা হয়তো পুরনো সম্পর্কের ক্ষত এখনো পুরোপুরি ভুলতে পারেননি।
এর আগে কর্ণ জোহরের সঙ্গে এক সাক্ষাৎকারে সামান্থা বলেছিলেন, “আমার হৃদয়ে পৌঁছানোর দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে।”
নাগা চৈতন্য ও শোভিতার বিয়ে দক্ষিণী ঐতিহ্য মেনেই হবে। জানা গেছে, বিয়ের আয়োজন করা হয়েছে হায়দরাবাদের বানজারা হিলসের আক্কিনেনি পরিবারের স্টুডিওতে, যা প্রায় ২২ একর জুড়ে বিস্তৃত। শোভিতার পরিবারের নিয়ম অনুসারে সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে।
নাগা ও সামান্থা ২০১৭ সালে বিয়ে করেন এবং ২০২১ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সামান্থার মন্তব্য এবং নাগার নতুন জীবন শুরুর খবরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ আবার সামান্থার কথায় পুরনো সম্পর্কের ছায়া দেখছেন।
বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে এখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে উত্তেজনা, তবে সামান্থার এই মন্তব্য আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।

