পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ বেড়েছে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ অঞ্চলে বরাবরই শীত তাড়াতাড়ি দেখা দেয়। তবে গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
সকাল থেকে হালকা কুয়াশা ভেদ করে সূর্যের আলো ছড়ালেও শীতের আমেজ স্পষ্ট। অগ্রহায়ণের প্রথম সপ্তাহেই তাপমাত্রার পতনে শীতের অনুভূতি তীব্র হয়েছে। স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে হিমেল হাওয়া বইতে শুরু করে, যা গভীর রাত থেকে ভোর পর্যন্ত শীতের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে গরম কাপড় আর কাঁথার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতজনিত রোগ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও আশপাশের স্বাস্থ্যকেন্দ্রে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তিতে পড়ছেন।
উত্তরের এ জেলায় শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে দিন পার করছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। রিকশা-ভ্যান চালক, দিনমজুর ও অন্যান্য শ্রমিকদের দৈনন্দিন আয়ে প্রভাব পড়েছে। অনেকেই কাজ করতে পারছেন না, ফলে পরিবার নিয়ে তারা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় জানান, সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা সকাল ৯টায় নেমে আসে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, সামনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

