
সলমন খান এবং তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা বলিউডে নতুন কিছু নয়। তবে এবার সলমনের বাবা, খ্যাতনামা কাহিনি-চিত্রনাট্যকার সেলিম খানের সঙ্গে রোমানিয়ান গায়িকা ইউলিয়া ভন্তুরের একটি ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন।
৮৯ বছরে পা দিলেন সেলিম খান। এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি সলমনের পরিবার ও বলিউডের তাবড় তারকারা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ইউলিয়ার পোস্ট। একটি ছবিতে দেখা গেছে, সেলিম খানের বুকে মাথা রেখে রয়েছেন ইউলিয়া। ছবির ক্যাপশনে ইউলিয়া লিখেছেন, “আমার প্রিয় মানুষদের মধ্যে অন্যতম একজন সেলিম খান। যিনি আমাকে শিখিয়েছেন কীভাবে ভারতকে নিজের ঘর-বাড়ি ভাবতে হয়। আমি তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।”
ইউলিয়ার এই পোস্ট শুধু সেলিম খানের জন্মদিনের শুভেচ্ছাই নয়, বরং খান পরিবারের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। ইউলিয়া আরও লেখেন, “পরিবারকে একত্রে বেঁধে রাখার উদাহরণ যদি কেউ দিতে পারে, তবে তিনি সেলিম খান। ঈশ্বরের কাছে তাঁর নীরোগ জীবন ও ভবিষ্যতে আরও সফল চিত্রনাট্যের জন্য প্রার্থনা জানাই।”
এই ছবি ও বার্তায় প্রশ্ন উঠেছে, তাহলে কি সলমনের জীবনে ইউলিয়াই স্থায়ী হচ্ছেন? সেলিম খানের প্রতি ইউলিয়ার ঘনিষ্ঠতা এবং তাঁর প্রতি সেলিমের স্নেহ দেখিয়ে দিচ্ছে, খান পরিবারে তিনি কতটা আপন হয়ে উঠেছেন।
সলমন খান ও ইউলিয়ার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই বলিউডে চর্চা চলছে। যদিও সলমন বা ইউলিয়া কখনোই এ নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে ইউলিয়ার খান পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি বারবার সামনে এসেছে। এই ছবি ও পোস্ট খান পরিবারের প্রতি ইউলিয়ার সংযোগ আরও স্পষ্ট করেছে।
ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন—তাহলে কি সলমনের জীবনে এবার নতুন অধ্যায় শুরু হতে চলেছে? যদিও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ভক্তদের অপেক্ষায় থাকতে হবে।