মানিকগঞ্জ সদর উপজেলার আলোচিত ও চাঞ্চল্যকর আশরাফুল ইসলাম পলাশ হত্যা মামলায় প্রধান দুই আসামিকে লালমনিরহাট সদর উপজেলা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার মো. সোয়েব ও মো. ছাকিন খান। আসামি একে অপরের আপন ভাই।
র্যাব জানায়, নিহত পলাশ কোহিনুর কেমিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। সেই সুবাদে দীর্ঘ ১২ বছর ধরে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়ায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। অভিযুক্ত সোয়েব ও সাকিনের সাথে তার ব্যক্তিগত শত্রুতা ছিল। চলতি বছরের ২০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে বেউথা ব্রিজ এলাকায় কথা বলার জন্য পলাশকে ডেকে নেয় ছাকিন। পরে সেখানে ছাকিন, সোয়েব ও আরও দুই-তিনজনের সাথে পলাশের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে পলাশের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে স্থানীয়রা পলাশকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় তার বড় ভাই সদর থানায় একটি হত্যা মামলা করেন।
লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে র্যাব-০৪, সিপিসি-০৩ ও র্যাব-১৩, সিপিসি- সদর যৌথ অভিযান চালিয়ে পলাশ হত্যাকাণ্ডের ঘটনায় দুই প্রধান আসামি মো. সোয়েব ও মো. ছাকিনকে গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ব্রিজ টোল প্লাজার পূর্ব পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদেরকে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

