সিংগাইরে প্রবাসীর স্ত্রী খুন

নিহতের গলায় ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাকে ও মুখে সামান্য রক্ত পড়তে দেখা গেছে।

0
208

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামে তানিয়া আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

নিহত তানিয়া আক্তার ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. ফাহাদ হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে খাবার খেয়ে তানিয়া, মেয়ে তাবাসসুম, শাশুড়ী ও ননদ একই রুমে ঘুমাতে যায়। রাতে তানিয়ার স্বামী মোবাইলে একাধিকবার কল দিলে রিসিভ না করায় ফাহাদ তার বোন বিথীর মোবাইলে কল করে। পরে বিথী তার ভাবিকে বিছানায় না পেয়ে বাড়ির অন্যান্য জায়গায় খোঁজাখুজি করে। একপর্যায়ে ঘরের পিছনের টয়লেটে রক্তাক্ত নিথর দেহ দেখতে পায়।

তানিয়ার শাশুড়ী সুরেজা বেগম জানান, তার ছেলের বউয়ের সাথে একই গ্রামের রনি নামের এক যুবকের পরকীয়া প্রেম চলছিল। এনিয়ে পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছিল। আমার ধারণা পরকীয়া প্রেমের জেরেই রনি তানিয়াকে হত্যা করেছে।

তানিয়ার বাবা আবুল হোসেন জানান, মেয়ের পছন্দেই ৫ বছর আগে ফাহাদের সাথে বিয়ে দেয়া হয়। যারাই আমার মেয়েকে হত্যা করুক না কেন তার বিচার চাই।

সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, নিহতের গলায় ও বুকের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাকে ও মুখে সামান্য রক্ত পড়তে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here