চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের দ্বারা আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবীতে নরসিংদীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মাধবদীতে বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ মসজিদের মুসল্লিরা জড়ো হয়।
এ সময় তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোস্ট মোড়ে এসে সড়ক ব্লক করে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন। এসময় শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখাতে মাধবদী থানা পুলিশের টহল জোরদার ছিলো।
বিক্ষোভকারীরা বলেন, চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইসকন সদস্যদের বিরুদ্ধে। এই উগ্রবাদী সংগঠন বাংলাদেশের নতুন স্বাধীনতাকে মেনে নিতে পারছে না। কারণ তারা হলেন ভারতের দালাল, আর আওয়ামীলীগের দোসর। হিন্দু মুসলিম ভাই ভাই তবে ইসকন নামে সন্ত্রাসীদের দেশে কোন ঠাই নাই। তারা এ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। অতিদ্রুত তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা না নেয়। ফ্যাসিবাদী সন্ত্রাসীরা আবার গর্জে উঠবে।


