নাট্য নির্মাতা সাগর জাহান তার সৃজনশীল কাজের মাধ্যমে নাটক ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন। দর্শকদের জন্য অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দেওয়ার পর এবার তিনি আনছেন নতুন ধারাবাহিক ‘অনলাইন অফলাইন ২’।
২০২১ সালে প্রচারিত ‘অনলাইন অফলাইন’ নাটকের প্রথম সিজন দেশব্যাপী বিপুল জনপ্রিয়তা লাভ করে। ৩৫০-এর বেশি পর্বের এই ধারাবাহিক দেশের একটি বেসরকারি চ্যানেলে সফলতার সঙ্গে প্রচারিত হয়েছিল। দর্শকদের ভালোবাসা ও চাহিদার কারণে এবার নির্মাণ করা হয়েছে নাটকটির দ্বিতীয় সিজন।
নির্মাতা সাগর জাহান জানান, ‘অনলাইন অফলাইন ২’ নাটকের প্রথম দুই লটে ৫০ পর্বের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “প্রথম সিজনের দর্শকপ্রিয়তা আমাদের নতুন সিজন নির্মাণে অনুপ্রাণিত করেছে। ডিসেম্বরের ৮ অথবা ১৮ তারিখ থেকে নাটকটি প্রচার শুরু হবে। এবার নতুন কিছু তারকা যুক্ত হয়েছেন, যা নাটকটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। আমরা আশাবাদী, দ্বিতীয় সিজনও দর্শকদের ভালোবাসা পাবে।”
নাটকটির দ্বিতীয় সিজনে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় একঝাঁক শিল্পী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মারজুক রাসেল, আখম হাসান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, পাভেল ইসলাম, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, নাবিলা ইসলাম, মনিরা মিঠু এবং শিল্পী সরকা অপু।

