নাটোরে ছিনতাইকালে ৫ নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ছিনতাইকারীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার নতুন বাজার এলাকার পারুল বেগম, একই এলাকার নাইমা বেগম, মাফিয়া বেগম, সমা বেগম ও লাভলি বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে নাটোর শহরের কানাইখালী বাসস্ট্যান্ড থেকে কালেক্টরেট স্কুলে যাওয়ার কথা বলে পাঁচ নারী অটোরিক্সায় উঠেন। অটোরিক্সাটি মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে একজন মহিলা অসুস্থতা বোধ করছেন বলে তার ঘাড়ে মাথা এবং গলায় হাত রাখেন। এরপর তার গলায় থাকা স্বর্ণের চেইন খুলে নেওয়ার চেষ্টা করে। এসময় অন্য একযাত্রীরা ভ্যানিটি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার
করলে কর্তব্যরত ট্রাফিক পুলিশসহ স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে ট্রাফিক পুলিশ তাদেরকে আটক করে।
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ছিনতাইকালে পাঁচ নারী ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করেছে। ছিনতাই করা তাদের পেশা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

