আইপিএলের নিলামে উত্তেজনার পারদ চড়ালেন ঋষভ পন্থ। ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যানকে দলে নিতে ২৭ কোটি টাকার প্রস্তাব দিয়ে বাজিমাত করল লখনউ সুপার জায়ান্টস। তবে এই বিশাল অর্থ পুরোপুরি পন্থের হাতে যাবে না। আয়কর বাবদ বড় একটি অংশ চলে যাবে সরকারের কোষাগারে।
লখনউ সুপার জায়ান্টস পন্থকে দলে টানতে লোকেশ রাহুলের মতো তারকা খেলোয়াড়কে ছেড়ে দেয়। নিলামে পন্থকে নেওয়ার জন্য সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালসসহ বেশ কিছু দল আগ্রহ দেখায়। শেষ পর্যন্ত দিল্লি তাকে ধরে রাখার চেষ্টা করলেও আরটিএম কার্ড ব্যবহার সত্ত্বেও ২৭ কোটির বেশি দাম দিতে না পারায় তাকে হারায়।
ভারতে কোনো ব্যক্তির আয় ২৭ কোটি টাকা হলে তাকে আয়কর হিসেবে মোট ৩০ শতাংশ দিতে হয়। তবে এই কর একবারে নয়, বিভিন্ন স্তরে কাটা হয়। প্রথম ৫ কোটি টাকার ওপর করহার ৫ শতাংশ। পরবর্তী ১০ কোটি টাকার ওপর করহার ২০ শতাংশ। বাকি অর্থের ওপর করহার ৩০ শতাংশ।
এই হিসাব অনুযায়ী, পন্থকে ২৭ কোটি টাকার আয় থেকে আয়কর হিসেবে দিতে হবে প্রায় ৯ কোটি ৬৮ লাখ ৩১ হাজার ১৫০ টাকা। ফলে নিলামে প্রাপ্ত আয় থেকে তার হাতে থাকবে ১৭ কোটি ৩২ লাখ টাকা।
পন্থকে দলে নেওয়ার পর লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াডে নতুন শক্তি যোগ হয়েছে। তবে এই ট্রান্সফারের আর্থিক দিক নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা তুঙ্গে।

