গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনে বিলম্বের জেরে গ্রামপুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদ সচিবের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত গ্রামপুলিশ সদস্য আব্দুল গণি মিয়া জানান, স্থানীয় বিএনপি নেতা মানিক মিয়ার স্ত্রী জন্মনিবন্ধনের জন্য পরিষদে আসেন। সহকারী সচিব বেলাল মিয়ার সেবা প্রদানে বিলম্ব হলে, ফিরে গিয়ে তিনি তার স্বামীকে বিষয়টি জানান। পরে স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম সোনা ও তার সঙ্গী ২৫-৩০ জন পরিষদে এসে অশালীন ভাষায় গালিগালাজ করেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গ্রামপুলিশ সদস্য গণি মিয়া হামলার শিকার হন। অভিযুক্ত হুমায়ুন মিয়া তাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেন।
অভিযুক্ত হুমায়ুন মিয়া কামারপাড়া ইউনিয়নের মধ্যহাটবামুনি গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে এবং ইউপি সদস্য হারুন মিয়ার ভাই। তিনি স্থানীয় বিএনপির কর্মী বলে জানা গেছে।
ইউপি চেয়ারম্যান এআরএম মাহফুজার রহমান জানান, ঘটনার সময় তিনি পরিষদে উপস্থিত ছিলেন না। বিষয়টি স্থানীয় ইউএনও-কে অবহিত করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

