এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন।
বৃহস্পতিবার দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তিনি বিয়ে করেছেন মোস্তাক কিবরিয়া নামের এক ব্যবসায়ীকে। কেয়া নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
বিয়ের প্রসঙ্গে কেয়া বলেন, হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। মা ও বোন অসুস্থ থাকার কারণে ঘরোয়া আয়োজনে বিয়ে করতে হয়েছে। তবে পরবর্তীতে ঘটা করে আয়োজন করার ইচ্ছে আছে।
মাত্র ১৪ বছর বয়সে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমায় আমিন খানের সঙ্গে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে কেয়ার। এরপর তিনি নায়ক মান্না, রুবেল, রিয়াজ, ফেরদৌস, শাকিব খানসহ ঢালিউডের প্রথম সারির অভিনেতাদের সঙ্গে একের পর এক সফল সিনেমায় অভিনয় করেন।
ক্যারিয়ারের সাফল্যের শিখরে থাকা অবস্থায় হঠাৎ সিনেমা থেকে দূরে সরে যান কেয়া। তবে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ সিনেমার মাধ্যমে তিনি আবারও পর্দায় ফেরেন। বর্তমানে কেয়ার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

