নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নাইজার নদীতে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও শতাধিক যাত্রী, যাদের মধ্যে বেশিরভাগই নারী।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২০০ জন যাত্রী বহনকারী নৌকাটি কোগি রাজ্য থেকে নাইজার রাজ্যের একটি বাজারে যাচ্ছিল।
নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র ইবরাহিম অদু এএফপিকে জানিয়েছেন, নৌকাটি শুক্রবার সন্ধ্যায় ডুবে যায়।
কোগি রাজ্যের জরুরি পরিষেবার মুখপাত্র সান্দ্রা মুসা জানিয়েছেন, শুক্রবার রাত থেকে তল্লাশি চালিয়ে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত জীবিত কাউকে পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ নৌকাডুবির কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীদের অভিযান অব্যাহত রয়েছে।

