
অভিনয় জগত থেকে প্রায় দশ বছর দূরে থাকার পর, ইমরান খান আবারও বলিউডে কামব্যাক করতে চলেছেন। ‘জানে তু ইয়া জানে না’ ছবির মাধ্যমে দর্শকদের মন জয় করা এই অভিনেতা, ২০১৫ সালে শেষবার বড় পর্দায় দেখা দিয়েছিলেন।
শোনা যাচ্ছে, এবার তিনি নেটফ্লিক্সের একটি রোম্যান্টিক কমেডি ছবির মাধ্যমে অভিনয়ে ফিরবেন। ছবির পরিচালক দানিশ আসলাম, যাঁর সঙ্গে তিনি আগেই ‘ব্রেক কে বাদ’ ছবিতে কাজ করেছিলেন।
তবে প্রশ্ন উঠে, ইমরানের বিপরীতে কে থাকবেন? সূত্রের খবর অনুযায়ী, নেটফ্লিক্সের এই ছবিতে ইমরান খানের বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী ভূমি পেডনেকরকে। যদিও জানা যাচ্ছে যে ভূমি এখনও এই ছবিতে চুক্তি সই করেননি। যদি ভূমি এই প্রজেক্টে যুক্ত হন, তবে এটি তাঁর ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে তৃতীয় কাজ হবে, এর আগে ‘ভক্ষক’ এবং ‘দ্য রয়্যালস’ ছবিতেও তিনি কাজ করেছেন।
ছবির চিত্রনাট্য এখন শেষ পর্যায়ে, এবং আগামী মাসেই ড্রাফ্ট প্রস্তুত হতে পারে। প্রি-প্রোডাকশনের কাজ দ্রুত শুরু হবে এবং ২০২৫ সালের মার্চে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ইমরানের অনুরাগীরা দীর্ঘ ১০ বছর পর তাঁকে বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন।
এর আগে, ডিজ়নি প্লাস হটস্টারের মাধ্যমে ইমরান খানের কামব্যাক হওয়ার কথা ছিল, কিন্তু সেই প্রজেক্টটি বাতিল হয়ে যায়। এখন, নেটফ্লিক্সের মাধ্যমে তিনি আবার অভিনয়ে ফিরছেন, যা তাঁর ভক্তদের জন্য একটি বড় সুখবর।