শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস

0
112
ছবি: সংগৃহীত

তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২৫ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মামলাটি বিদ্বেষমূলক ছিল এবং এতে অতিরঞ্জিত তথ্য ব্যবহৃত হয়েছে। বিচারিক আদালতের দেওয়া রায়কে ‘অমানবিক’ বলে উল্লেখ করেছেন হাইকোর্ট।

আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

এর আগে, গত ৩০ জানুয়ারি মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৯ জনকে মৃত্যুদণ্ড এবং ২৫ জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন। আসামিদের সবাই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছিলেন। ইতোমধ্যে মামলার পাঁচ আসামি মারা গেছেন।

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনা দলীয় কর্মসূচির অংশ হিসেবে ট্রেন মার্চ করেন। ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে তার ট্রেন লক্ষ্য করে গুলি ও বোমা হামলা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here