গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আরও ৮১ জন আটক

0
102
ছবি: সংগৃহীত

ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুরে আরও ৮১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুর নগর থেকে ৬৯ জন ও জেলা থেকে ১২ জনকে আটক করা হয়। এ নিয়ে গাজীপুরে গত তিন দিনে আটক ও গ্রেপ্তার হলেন ২৪৬ জন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বিশেষ শাখার) আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, মেট্রোপলিটন আটটি থানায় অভিযান চালিয়ে নতুন করে ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযানে অব্যাহত রয়েছে। প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে। নতুন আরও ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান।

এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলা করা হয় এবং তাদের আটকে মারধর করা হয়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here