দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরেন মহিউদ্দিন (৪০) নামের এক ওমান প্রবাসী। এ উপলক্ষে নিজ বাড়িতে বোনকে আনতে গেলে তার সঙ্গে ভগ্নিপতি ও তার পরিবারের সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রবাসী আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ইছাখালী এলাকার মহিউদ্দিন শুক্রবার সকাল ১০টায় ১৫ বছর পর ওমান থেকে দেশে ফিরেন৷ রাতে তার বোনের স্বামীর বাড়িতে গেলে সেখানে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। মূলত এত বছর পর ভাই দেশে আসার খবর শুনে বোনের বাবার বাড়িতে যাওয়া নিয়ে ঝামেলা শুরু হয়৷
এ সময় তার বোনের স্বামী শরীফ ও তার বাবা মিছিল আহম্মেদের সঙ্গে মহিউদ্দিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে এটি রুপ নেয় মারামারিরে৷ এতে মহিউদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মস্তাননগর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফাহিম বলেন, মহিউদ্দিন নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল৷ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ শনাক্ত করা সম্ভব হয়নি৷ শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ ময়নাতদন্ত করলে জানা যাবে৷
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে ৷ অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷

