মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, শিশুটির ময়নাতদন্ত আজকেই করা হবে। ডিএনএ নমুনা নেয়া হয়েছে। আজকেই মরদেহ হেলিকপ্টার যোগে নেয়া হবে। ৭ দিনের মধ্যে বিচার শুরু হবে।
আসিফ নজরুল আরও বলেন, দ্রুত বিচার শেষ হবে। আশা করি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
এ সময় নতুন আইনে শিশু ধর্ষণ ও বলৎকারের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল কাজ করবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আগামী রবি অথবা সোমবার আইনের কাজ শুরু হবে।
তিনি বলেন, সরকার কোনো কালক্ষেপণ করেনি। দ্রুত সবাইকে গ্রেফতার করেছে। জিজ্ঞেসবাদ করেছে। ধর্ষণের ঘটনা আন্দোলনের নামে ভিন্ন কিছু করতে চায় কি না সেদিকে নজর রাখতে হবে।
এর আগে দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
মাগুরার এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও সমালোচনা চলছে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে চলছে বিক্ষোভ-প্রতিবাদ।

