রবিবার সকালে তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুকে ব্যথা অনুভব করছিলেন এই সংগীতশিল্পী। কোনো রকম ঝুঁকি না নিয়ে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। তবে কিছু রুটিন চেকআপ করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে সুরকারকে।
চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন। রবিবার সকালে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনে করা হচ্ছে, রমজানের উপবাসের পর দীর্ঘ সফরের ধকল শরীর নিতে পারেনি। সেই কারণেই অসুস্থ হয়ে পড়েন।
অস্কারজয়ী সুরকারের পুত্র আমিন জানান, তার বাবা এখনও দুর্বল। তবে ভয়ের কোনো কারণ নেই। আমিন একটি পোস্ট দিয়ে লেখেন, আমাদের বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্কটে প্রার্থনা করার জন্য এবং পাশে থাকার জন্য। শরীরে জলশূন্যতার কারণে খানিক দুর্বল হয়ে পড়েন বাবা। কিছু রুটিন টেস্ট করানো হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। আপনাদের সকলের ভালোবাসা ও আন্তরিকতায় আমরা কৃতজ্ঞ।

