পরিচালক জাহিদ প্রীতমের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’ মুক্তির পর নতুন করে আলোচনায় তানজিন তিশা। এ কারণে পরিচালকের প্রতি কৃতজ্ঞ এই অভিনয়শিল্পী।
নিজের ফেসবুকে লিখেছেন, ‘অনেক দিন ধরে ভাবছি, প্রীতম ভাইকে নিয়ে কিছু একটা লিখব, কিন্তু এত কথা বলতে চাই যে, এখনও গুছিয়ে লিখে উঠতে পারিনি। তাই যখনই কোনো ইন্টারভিউতে যাই, আমি শুধু প্রীতম ভাইয়ের কথা বলি, সবকিছুর পেছনে রয়েছেন প্রীতম ভাইয়া। পরিচালকরা পরিচালনা করেন, শিল্পীরা অভিনয় করেন, কিন্তু তুমি এমন একজন পরিচালক, যে প্রতিটা শিল্পীকে নতুন করে জন্ম দেয়Ñ যেমনটা আমাকে তুমি নতুন করে উপস্থাপন করেছ। একটু সন্দেহ থাকলেও সেই আস্থাটা আমার পুরোপুরি ছিল।’
গত ২০ ফেব্রুয়ারি ওটিটির একটি পেইড ভার্সনে মুক্তি পায় তিশা অভিনীত ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। এটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। ফিল্মটিতে জ্যোতি নামে একটি চরিত্রে অভিনয় করেছেন তিশা। হাসপাতালের বেডে কোমায় থাকা চরিত্রটি দিয়ে নতুন করে দর্শকদের নজর কাড়লেন তিনি। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘এ ফিল্মের গল্পটা দর্শক দারুণভাবে আপন করে নিয়েছে। যখন শুটিং করছিলাম তখনই মনে হয়েছে দর্শক গ্রহণ করবে। আমিও কাজটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। রিলিজের তিন সপ্তাহ হয়ে গেছে, এখনও দর্শকের রেসপন্স পাচ্ছি। এ অনুভূতি অদ্ভুত ভালো লাগার। দর্শকদের মন্তব্য আমাকে নাড়া দিয়েছে। বেশিরভাগই বলেছে, শেষের দিকে গল্পের ঘোর থেকে বের হতে পারছে না। এখন মনে হচ্ছে, আমার চ্যালেঞ্জ নেওয়া সার্থক হয়েছে। স্ক্রিনে আমার প্রেজেন্স একটু কম। যখন স্ক্রিনে আমি মিসিং থাকব, তখন মানুষ যেন ঘুমপরীকে খোঁজে, এটাই ছিল আমার চ্যালেঞ্জ।’

