সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মাণাধীন একটি ব্রিজের কাজ বন্ধ রেখে ঠিকাদার উধাও। এতে এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারিতে কাটাগাড়ি জিসি সড়কে ২০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণকাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে এখন পর্যন্ত কাজ সমাপ্ত তো দূরের কথা শুধু স্পাইলিংয়ের কাজ শেষ হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ডাইব্রেশন রাস্তা সরু ও ঝুঁকিপূর্ণ হওয়ায় যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। রাস্তাটি উঁচু-নিচু হওয়ায় যানবাহনের ব্রেক আটকে যাচ্ছে, উঁচুতে উঠতে হলে যাত্রীদের গাড়ি থেকে নামতে হচ্ছে। ইতোমধ্যে সেখানে দুর্ঘটনায় গাড়ি উল্টে যাওয়ার একাধিক ঘটনাও ঘটেছে।
এলাকার কৃষক আফজাল ও হামিদ সহ অন্যান্যরা জানান, ব্রিজটি নির্মাণ না হওয়ায় পানিপ্রবাহ বন্ধ হয়ে যাবে, ফলে বৃষ্টির সময় আবাদি জমি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, নিত্যদিনই আমাদের ঝুকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়।
তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাফর ইকবাল বলেন, আশপাশে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত করছে। আগামী ৬ এপ্রিল প্রতিষ্ঠানগুলো খুললে দুর্ভোগ আরও বাড়বে।
উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, নওগাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান ইথেন এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এন্ড ডন এন্টারপ্রাইজ (জেভি) ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণের কাজ পেয়েছিল। পরে কাজ কিনে নেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম গকুল। বর্তমানে মো. ওয়াহিদুল ইসলাম নামের এক ঠিকাদার কাজ করছেন। কিন্তু তিনি হঠাৎ করে কাজ বন্ধ করে দিয়েছেন। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য ইতোমধ্যে দুটি চিঠি দেওয়া হয়েছে। তবে ঠিকাদার মো. ওয়াহিদুল ইসলাম বলেন, বিল পেতে দেরি হচ্ছে। এজন্য ব্রিজের নির্মাণ কাজ শেষ করতে পারছি না।


