মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে এখন পর্যন্ত নারী, পুরুষ, শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ নিখোঁজ রয়েছেন আরও কিছু রোহিঙ্গা।
এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাগরে উদ্ধার অভিযান চলছে।” তবে নিখোঁজ বিজিবির সদস্য বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
এ বিষয়ে টেকনাফ শাহপরীর দ্বীপের ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য আবদুল মান্নান বলেন, “মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবে গেছে- এমন ঘটনা শুনেছি। এ ঘটনায় বিজিবির এক সদস্যসহ বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ থাকার খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”
স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা টেকনাফে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া এলাকায় সাগরে ভাসমান দেখে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন মাছ ধরার নৌকা থামানো সংকেত দেন ওই বিজিবি সদস্য। একসময় রোহিঙ্গা বহনকারী নৌকায় বিজিবির সেই সদস্য ওঠেন। এসময় উত্তাল সাগরের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এতে তাদের চিৎকার শুনে স্থানীয় জেলেসহ বিজিবি নারী-শিশুসহ ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করেন। পরে নিখোঁজ বিজিবির সদস্যসহ বাকি রোহিঙ্গাদের সন্ধানে সাগরে তল্লাশি চালায়। তবে ডুবে যাওয়া নৌকায় অর্ধশতাধিক লোকজন ছিলেন বলে জানিয়েছেন উদ্ধার রোহিঙ্গারা।”
নৌকার মালিক আমিন বলেন, “মাঝরাতে সাগরে রোহিঙ্গাবোঝাই নৌকা ধরতে যাওয়ার কথা বলে ওই বিজিবির সদস্য আমার নৌকাটি নিয়ে যায়। পরে রোহিঙ্গা বহনকারী নৌকাটি কূলে নিয়ে আসার পথে ঢেউয়ের তোড়ে সাগরে ডুবে যায়। এতে ২৫ জনের মতো রোহিঙ্গা জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সিপাহী নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে সাগরে তল্লাশি চলছে।”
এ ঘটনায় টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌঘাটের পাহারাদার আবদুল মান্নান বলেন, “শনিবার মধ্যরাতে রোহিঙ্গাগামী নৌকা কূল ঘেঁষে যাওয়ার সময় টহলরত বিজিবির সদস্যরা দেখতে পান। তখন ঘাট থেকে একটি নৌকা নিয়ে তাদের আটকে দেন। তারপর কীভাবে রোহিঙ্গাগামী ট্রলার ডুবে যায় সেটা জানি না। তবে এ ঘটনায় ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিজিবির এক সদস্যসহ ৪০ জনের মতো রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাদেরকে খুঁজতে ঘাটের একাধিক নৌকায় সাগরে তল্লাশি চালাচ্ছেন জেলেরা।”
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”

