২৪-এর গণঅভ্যুত্থান একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে

বুধবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

0
91
ছবি: সংগৃহীত

২৪-এর গণঅভ্যুত্থান একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গণঅভ্যুত্থানের প্রসঙ্গে উপদেষ্টা আসিফ বলেন, “৭১-এ আমরা স্বাধীনতা অর্জন করেছি, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে দেশ জন্ম নিয়েছে। কিন্তু বিগত ১৬ বছরে স্বাধীনতার প্রকৃত চেতনা ক্ষুণ্ন হয়েছে। যতক্ষণ না দেশের প্রতিটি নাগরিক নিজেকে স্বাধীন মনে করবে, বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার উপভোগ করবে, ততক্ষণ শুধু ভূখণ্ড স্বাধীন হলে কোনো লাভ নেই। ২৪-এর গণঅভ্যুত্থান সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।”

এর আগে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে, ভোর ৫টা ৫০ মিনিটে প্রথম শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনিও পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদের সদস্যরা, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যরা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here