আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে চলা মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা বাড়ার সম্ভাবনা রয়েছে। এসময় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তাই অস্বস্তি বাড়তে পারে। তবে এ সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রাজশাহী, রাঙামাটি, ফেনী, চট্টগ্রাম, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (২৬ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও যশোরে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও দু’এক ডিগ্রি বাড়তে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। চট্টগ্রামের কিছু এলাকায় ২৯ অথবা ৩০ মার্চের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বুধবার সন্ধ্যায় বলেন, এখন পর্যন্ত এই মাসের বাকি দিনগুলোতে, এমনকি ঈদের দিনেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। হলেও দু-একটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। ফলে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে। এতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

