সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেয়াকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়িতে ছুরিকাঘাতে এক এইচএসসি পরীক্ষার্থীকে খুন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ মার্চ) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। এর আগে, একইদিন সকালে উপজেলার নয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাঈম বাদশা (১৮), ওই গ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো। আর আটক অভিযুক্ত সবুজ আহমেদ (২০), নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের হুরমুজ আলী ভুট্টুর ছেলে। সে গাজীপুর এলাকায় সিকিউরিটি গার্ডের কাজ করতো।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সবুজ আহমেদ আর নাইম বাদশা দু’জন বাল্যকালে উপজেলার আন্দারুপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছে। সম্প্রতি নাইম বাদশা সবুজ আহমেদের একটি ফেসবুক পোস্টে হা হা রিয়েক্ট দেয়। এনিয়ে সবুজ ক্ষোভে নাইমকে হুমকিও দেয়। শনিবার সকালে সবুজ নাইমকে মোবাইল ফোনে ডেকে বাড়ির অদূরে কৃষি ব্যাংক নয়াবিল শাখার পেছনে ভোগাই নদীর কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর নাইমের সাথে সবুজের বাক-বিতণ্ডা বাধে। একপর্যায়ে সবুজ নাইমকে পেছন থেকে ছুরিকাঘাত করে। এসময় সাথে থাকা বন্ধুরা চিৎকার করে ও নাইমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনেরা। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পরপরই এলাকাবাসী সবুজকে আটক করে থানায় নিয়ে আসে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় একজন আটক রয়েছে। পাশাপাশি এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

