রাজধানীর কালশী ফ্লাইওভারে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের বয়স আনুমানিক(১৮) ও (১৯) বছর হবে।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ও তার পেছনে থাকা আরোহীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে জানা যায়, রাত ১১টার দিকে গুরুতরত অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর পল্লবীর কালশী এলাকা থেকে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবককে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, দুই তরুণ মোটরসাইকেলে করে ফ্লাইওভারে উঠছিলেন। এ সময় একটি টয়োটা সিএইচ-আর মডেলের প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পেছনে বসা আরোহী প্রায় ২৫ ফুট নিচে রাস্তায় ছিটকে পড়েন। আশপাশের পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া চালক ফ্লাইওভারের উপরেই ছিটকে পড়েন।

