ভোটার হালনাগাদে কর্মকর্তারা ‘অসাধ্য সাধন’ করেছেন: সিইসি

ছুটি শেষে রোববার প্রথম কর্মদিবসে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সিইসি নাসির উদ্দিন।

0
66
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে স্বল্প সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম নির্বাচন কমিশন হাতে নিয়েছিল জানুয়ারি মাসে, সেটি শেষ হতে চলছে চলতি মাসের মাঝামাঝিতে। স্বল্প সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম সম্পন্ন করে আনায় কমিশনের কর্মকর্তাদের কর্মদক্ষতার প্রশংসা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তার কথায়, কর্মকর্তারা ‘অসাধ্য কাজ সাধন করেছেন’।

ঈদ ঘিরে টানা নয় দিনের ছুটি শেষে রোববার প্রথম কর্মদিবসে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সিইসি নাসির উদ্দিন। সেখানে এক অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি। এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সেখানে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে নাসির উদ্দিন বলেন, “আপনারা খুবই দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের মত অসাধ্য কাজ সাধন করেছেন। আপনারা খুবই ভালো কাজ করছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে।”

তালিকা হালনাগাদ: এবারও বিশেষ হিসাব-নিকাশে তরুণ ভোটাররা

সিইসি জানিয়েছেন জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ও সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সব কাজ ‘ভালোভাবে আগাচ্ছে’। ‎‎সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

গত ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহ শেষে কাজের পরের ধাপ হল ছবি তোলা, আঙুলে ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়ার কাজ। যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here