ছোটপর্দার বড় তারকা মেহজাবীন চৌধুরী। ঈদ উৎসবে তার নতুন কাজ দেখার অপেক্ষায় থাকেন দর্শক। কিন্তু কয়েক বছর ধরে নাটকে তার উপস্থিতি একেবারেই কম। গেল ঈদের জন্য আলাদা করে কোনো কাজও করেননি অভিনেত্রী। তবে ঈদ আয়োজনে একটি নাটকের মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন মেহজাবীন। ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নামের এই নাটকে অভিনয় করে দর্শকের মন ভরিয়েছেন তিনি।
ঈদ উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারিত হয় ২ এপ্রিল। নাটকটিতে মেহজাবীনের সঙ্গে দেখা গেছে ফারহান আহমেদ জোভানকে। ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী।
রোববার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাটকটি দেখা হয়েছে ২৬ লাখ ২০ হাজারের বেশি। ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ দেখে মেহজাবীনের প্রশংসা করছেন দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন অনেকে। নাটকটি ‘বেস্ট ফ্রেন্ড’ সিরিজের চতুর্থ কিস্তি। এটি মূলত ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছিল। তবে পিছিয়ে ঈদে মুক্তি দেয় প্রযোজনা প্রতিষ্ঠান। ‘বেস্ট ফ্রেন্ড’র প্রথম কিস্তি এসেছিল ২০১৮ সালে। প্রবীর রায়ের সঙ্গে মেহজাবীনের এটি ছিল প্রথম কাজ।
নাটকটি আলোচিত হয়েছিল। পরে ‘বেস্ট ফ্রেন্ড ২’ ও ‘বেস্ট ফ্রেন্ড ৩’ তৈরি করেন নির্মাতা। এবার ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ উপহার দেন দর্শকদের। ‘বেস্ট ফ্রেন্ড ২.০’-এর গল্পে দেখা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী শুভ্র (জোভান) ও পুষ্পিতা (মেহজাবীন চৌধুরী) বড় অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নের পিছু ছুটতে গিয়ে বন্ধুত্বের সম্পর্কটা শেষ পর্যন্ত অন্যদিকে মোড় নেয়। বর্তমানে চলচ্চিত্র ও ওটিটির কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি।

