বিলাসপুরে সংঘর্ষের মামলায় আসামি সহস্রাধিক

0
96
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গতকাল রবিবার জাজিরা থানার এক উপ-পরিদর্শক বাদী হয়ে ৮৮ জনকে এজাহারনামীয় আসামি ও এক হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে গতকাল বিকালে বরিশাল র‌্যাবের পরিচালক লে. কর্নেল নিস্তার আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, মামলার প্রধান আসামি কুদ্দুস বেপারীকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি জানান, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারীকে ঢাকার শাহজাহানপুর থেকে র‌্যাব-৩ ও র‌্যাব-৮-এর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে। কুদ্দুসের প্রতিপক্ষ জলিল মাদবর বর্তমানে জেলে রয়েছে। কুদ্দুস বেপারীকে জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় অধিবাসী, পুলিশ ও র‌্যাব-৮ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য জলিল মাদবরের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গত শনিবার সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষবিল হয়। এ সময় বাড়িঘর ভাঙচুরসহ শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে পুলিশ ও যৌথ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here